গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দীর্ঘদিন নতুন গ্যাসকূপ খনন না করায় দেশে যে গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস পাওয়ার আশাব্যঞ্জক খবরও এসেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলা শনিবার পর্যন্ত চলবে। এতে ১২টি দেশের প্রায় ২৫০টি কৃষি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মোট ৫৩টি স্টলে প্রদর্শিত হচ্ছে আধুনিক কৃষিযন্ত্র, প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিপণ্য সংরক্ষণের নানা উদ্ভাবন।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কৃষিকে আরও উৎপাদনমুখী ও প্রযুক্তিনির্ভর করতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে। এতে একদিকে উৎপাদনশীলতা বাড়বে, অন্যদিকে কৃষকের উৎপাদন খরচ কমার পাশাপাশি জীবনমানের উন্নয়ন ঘটবে। কৃষক ও কৃষি গবেষকদের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতেও সরকার কাজ করছে।
তিনি বলেন, আধুনিক সেচব্যবস্থা চালুর মাধ্যমে কৃষিতে পানির অপচয় কমানো সম্ভব। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও পল্লী উন্নয়ন একাডেমির মতো প্রতিষ্ঠানের উদ্যোগে ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করে প্রায় ৪০ শতাংশ পানি সাশ্রয় করা যাচ্ছে। একই সঙ্গে রাসায়নিক সারের সুষম ব্যবহার নিশ্চিত করা, অতিরিক্ত সার প্রয়োগ বন্ধ করা এবং জৈবসারের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
উত্তরাঞ্চলের কৃষিপণ্যের বাজার সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ওই অঞ্চলে উৎপাদিত উদ্বৃত্ত আলু ব্যবহার করে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপন করা হলে আমদানি ব্যয় ও বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানো সম্ভব হবে। এ ছাড়া বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধাসহ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করে উত্তরাঞ্চলের আলু ও শাকসবজি বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক আব্দুল মজিদ প্রামানিক বলেন, কৃষির বহুমুখী সমস্যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উৎপাদনব্যবস্থা গড়ে তোলা জরুরি। কৃষি যান্ত্রিকীকরণ, গবেষণা এবং নতুন প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার বাড়ানোর পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।
সভাপতির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ বলেন, কৃষি গবেষণায় অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি কৃষির টেকসই উন্নয়নে সহায়ক হবে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে মেলাটির আয়োজন করেছে। এতে কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণ, সেচব্যবস্থা ও আধুনিক উৎপাদন প্রযুক্তিসহ কৃষির বিভিন্ন খাতের নতুন উদ্ভাবন তুলে ধরা হচ্ছে।

