সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নিজের আইনজীবীদের মাধ্যমে এ আবেদন করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।
সোমবার (৮ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনের সঙ্গে শেখ হাসিনার এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এই প্রথম সামনে এল। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফেরার বিষয়ে এটিকে তার সবচেয়ে দৃশ্যমান উদ্যোগ হিসেবে দেখছে সংবাদমাধ্যমটি।
রয়টার্সের তথ্য অনুযায়ী, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিটি পাঠান।
চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় বাংলাদেশের নাগরিক হিসেবে তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
একই সঙ্গে বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতার বিষয় বিবেচনায় নিয়ে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান ভিন্ন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছিলেন, তাকে দেশে ফেরাতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রীর ভাষ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনাকে সাধারণ ভ্রমণ নথি দিয়ে দেশে ফেরানোর প্রশ্ন নেই। তাকে ফিরিয়ে আনতে প্রয়োজন দুই দেশের মধ্যে বিচারিক ও প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করা। এ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে পাসপোর্ট নয়, ভারতের কাছে তার হস্তান্তর চাওয়া হবে।
এর আগে গত বছরের ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান তিনি। তবে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণের আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান তারা।
বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ শেখ হাসিনার সঙ্গে ভারতে অবস্থান করছেন। অন্যদের কেউ কেউ বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন, আবার অনেকে কারাগারে আছেন।
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে বড় বাধা হয়ে রয়েছে তার বিরুদ্ধে চলমান বিচারিক পরিস্থিতি। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।
এ বিষয়ে জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এমন এক সময়ে সামনে এল, যখন বাংলাদেশ সরকার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, তার প্রত্যাবর্তন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। একই সঙ্গে বিষয়টি ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ফলে তার প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: রয়টার্স

