রাজধানীর মিরপুরে একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয়ের দুর্বৃত্তরা ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলে সেটির বিস্ফোরণ ঘটে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত এ হামলা চালায়। ঘটনার পর হামলাকারীদের পরিচয় ও অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
তবে কী কারণে প্রাইভেটকারটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

