নিজস্ব প্রতিবেদক : প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে সকাল ১০টার দিকে নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশনের পর দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তাদের শপথবাক্য পাঠ করান কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর সভাপতি শেখ ইফতি জামান পল্লব।
শপথে নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ লক্ষ্যে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
এ বিষয়ে শেখ ইফতি জামান পল্লব বলেন, তারা সবাই একত্রিত হয়ে দলীয় কার্যালয় খুলে দিয়েছেন, যাতে টুঙ্গিপাড়ার মানুষ সেখানে বসতে পারেন। তাঁর দাবি, প্রশাসনের মাধ্যমে কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়েছিল। একই সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথাও জানান তিনি।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেদিনও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন তারা।
ওই ঘটনার পর দীর্ঘদিন সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখে প্রশাসন। নিরাপত্তার অংশ হিসেবে কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ মোতায়েন করা হয় এবং জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। প্রায় আড়াই বছর পর সোমবার আবারও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করলেন।

