গোপালগঞ্জ ছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তাঁর দাবি, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বা রাজনৈতিক অস্তিত্ব দৃশ্যমান নয়।

- Advertisement -

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড তাদের রাজনৈতিকভাবে দুর্বল ও দেউলিয়া হয়ে পড়ারই প্রমাণ। দলটি এখন শুধু গোপালগঞ্জেই কিছু কার্যক্রম চালাতে পারছে। দেশের অন্য কোথাও তাদের সাংগঠনিক ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি।

আন্দালিভ রহমান বলেন, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অবস্থান ও গ্রহণযোগ্যতা হারিয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে অস্বীকার করে দলটির পক্ষে ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ থেকে শুরু করে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ করছে সরকার। বর্তমান সময়ে সংবাদমাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, ব্যাংক লুট, বিদ্যুৎ খাতে দুর্নীতি কিংবা নতুন কোনো এস আলমের মতো ঘটনার খবর নেই বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর অভিযোগ, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার প্রচারণাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল। কিন্তু সেই প্রচারণা বাস্তবে রূপ না নেওয়ায় দলটির নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সেই বিষয় থেকে মানুষের দৃষ্টি সরাতেই গোপালগঞ্জের ঘটনাকে সামনে আনা হয়েছে বলে মনে করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার মতো কোনো সাংগঠনিক অবস্থান বা তৎপরতা তাঁর চোখে পড়েনি। গোপালগঞ্জের ঘটনাকে তিনি মূলত রাজনৈতিক ইস্যু আড়াল করার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে গণতান্ত্রিক ধারার নতুন যাত্রা শুরু হয়েছে। সংসদ কার্যক্রম পরিচালনা করছে এবং সরকার ও বিরোধী দল নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগও বাস্তবায়িত হচ্ছে।

তাঁর ভাষ্য, দেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থেকে মানুষের মনোযোগ সরিয়ে দিতেই একটি মহল বিভিন্ন ইস্যু সামনে আনার চেষ্টা করছে।

সর্বশেষ