সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের শনাক্ত করা হয়। পরে আদালতের মাধ্যমে রোববার (২২ নভেম্বর) বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন অপূর্ব বাড়ই (২১) ও দুর্জয় সরকার (২১)। অপূর্ব বরিশালের আগৈলঝাড়া উপজেলার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ইয়ের ছেলে। দুর্জয় সুনামগঞ্জের দিরাই উপজেলার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে। তাঁরা দুজনই বর্তমানে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে দাড়িয়াপাড়া এলাকায় হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পেট্রোল বা কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর পুলিশ বাসভবন ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও তথ্য নেওয়া হয়। ফুটেজ বিশ্লেষণ ও পাওয়া তথ্যের ভিত্তিতে অগ্নিসংযোগে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করা হয়। পরে শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

