নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। আগুন-সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মোবাইল ফোনে সরকারবিরোধী মিছিলের ভিডিও এবং দেশে-বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গ্রুপ চ্যাটিংয়ের তথ্য পাওয়া গেছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় নুর মোহাম্মদের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। নুর মোহাম্মদ সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক।
আটক ব্যক্তিরা হলেন ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) এবং সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নিশাদ জানিয়েছেন, তিনি পেশায় একজন পোশাকশ্রমিক। মুন্না নামে এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তাঁদের বিভিন্ন সময় মিটিং-মিছিলে নিয়ে যেতেন। কিছুদিন আগে বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করেন তাঁরা।
নিশাদের ভাষ্য অনুযায়ী, মুন্নার এক ভাই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ কারণে নুর মোহাম্মদের বাড়িতে কর্মসূচি পালনকে তাঁরা নিরাপদ মনে করতেন। সেখানে একাধিক কর্মসূচির পাশাপাশি দলীয় গোপন বৈঠকও হয়েছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।
তিনি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলের ভিডিও পাওয়া গেছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে ও বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাঁদের গ্রুপ চ্যাটিংয়ের তথ্যও পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, এসব তথ্য যাচাই করে সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

