নতুন মজুরি বোর্ডের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে পোশাকশিল্পে মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক ও সহাবস্থানের পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
রোববার রাজধানীর একটি হোটেলে ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শ্রমমন্ত্রী।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা সহযোগিতা করছে।
আরিফুল হক চৌধুরী বলেন, গার্মেন্টস খাতকে ঘিরে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। শ্রমিক ও মালিকদের মধ্যে বিরোধের পরিবর্তে পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করা প্রয়োজন। আগামী এক বছরের মধ্যে এ খাতের মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান বলেও জানান তিনি।
সম্মেলনকে গবেষক, নীতিনির্ধারক, শিল্পমালিক ও শ্রমিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কর্মপরিবেশের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের ঝুঁকি এবং নারী ও তরুণ শ্রমিকদের সুরক্ষা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
এসব গবেষণার ফলাফল দেশের শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে তথ্যভিত্তিক শ্রমনীতি প্রণয়ন, কারখানা পরিদর্শন জোরদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। বিশেষ করে নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সরকার, মালিক, শ্রমিক ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

