দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকা কমিউনিটি হাসপাতাল (ডিসিএইচ) ট্রাস্টের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট অসচ্ছল ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি জানান, তিনি ব্যক্তিগতভাবেও অনেক দরিদ্র রোগীকে চিকিৎসার জন্য ঢাকা কমিউনিটি হাসপাতালে পাঠিয়েছেন। এসব রোগীর চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা করায় তিনি ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক সম্মেলন ‘ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেজিলিয়েন্ট বাংলাদেশ: লিডিং দ্য ফিউচার’-এ প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। প্রতিনিধিদল রাষ্ট্রপতির হাতে সম্মেলনের আমন্ত্রণপত্র তুলে দেয়। রাষ্ট্রপতি সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
প্রতিনিধিদলে ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক প্রফেসর ডা. ওমর শরীফ ইবনে হাসান এবং জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। :::

