২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন এ রিট দায়ের করেছে।
বুধবার (৭ অক্টোবর) সংগঠনটির নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিট আবেদনটি করেন। এতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাউশির উপ-সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট দায়েরের পর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষা বাতিল করে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
তবে পরবর্তীতে সরকার পরিবর্তনের পর ওই লটারি পদ্ধতি বাতিল করে বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ মার্চ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্কুলে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের বিষয়টি জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় লটারি পদ্ধতি বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করে।
পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে। তবে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হবে।
রিটে এই ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করে ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব বিদ্যালয়ে ভিন্ন ও সমতাভিত্তিক ভর্তি ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।
রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, এস. এম মনিরুজ্জামান ও এস. এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির শুনানি হতে পারে।

