দুর্গাপূজার নিরাপত্তায় মণ্ডপগুলোতে বাড়াতে হবে নজরদারি: টুকু

নিজস্ব প্রতিবেদক
spot_img

ধর্ম-বর্ণের ভিন্নতা ভুলে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনায় দেশের মানুষের নিরাপত্তা, নাগরিক অধিকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

- Advertisement -

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী সভায় সাভার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সব মানুষের পরিচয় এক—তারা সবাই এই দেশের নাগরিক। ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে ধারণ করে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে নিরাপদ ও সমৃদ্ধ রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, দেশের প্রতিটি মানুষেরও দায়িত্ব রয়েছে।

আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে কেউ যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

মণ্ডপে থাকবে সিসিটিভি ও মনিটরিং টিম

দুর্গাপূজার নিরাপত্তায় পূজা উদযাপন কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মণ্ডপগুলোতে মনিটরিং টিম থাকবে। সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রতিও আহ্বান জানান তিনি।

মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক উদ্যোগ

মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয় উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পরিবার ও সমাজকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে।

কিশোর অপরাধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কিশোরদের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়া ঠেকাতে পরিবার ও সমাজকে এখন থেকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা না গেলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব পুরো সমাজের ওপর পড়বে।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব

দুর্গাপূজার সময় জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পূজামণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে না থাকে, সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, নিজেদের পরিবেশ পরিষ্কার রাখলে একই সঙ্গে স্বাস্থ্যঝুঁকি ও ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব হবে।

ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র সফল হবে না

দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার কথা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ বরাবরই অন্যায় ও অধিকারহরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের স্বার্থে ভবিষ্যতেও জনগণ ঐক্যবদ্ধ থাকবে।

তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ ও সজাগ থাকলে কোনো অপশক্তিই ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করতে পারবে না। তাই সবাইকে জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি নজরদারির আওতায় থাকবে।

তিনি বলেন, পূজা উদযাপন কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই নিরাপদ ও সুন্দর পরিবেশে দুর্গাপূজা উদযাপন সম্ভব।

ঢাকা জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা খানমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আশুলিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার নাগ, সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার এবং সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন।

সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

সর্বশেষ