মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না। পলাতক স্বৈরাচারী চক্র দেশে ফিরে আসার চেষ্টা করলেও জনগণ তাদের প্রতিহত করবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। যারা অতীতে মানুষ হত্যা করেছে, গুলি চালিয়েছে এবং দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা আবারও বাংলাদেশে ফেরার হুমকি দিচ্ছে। তবে জনগণ তাদের সেই প্রচেষ্টা প্রতিহত করবে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে হওয়া বিচারের রায় জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর হবে।
বিএনপির নেতৃত্বের প্রতি আস্থার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে। তাঁর মতে, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি কিংবা নতুন করে আবির্ভূত ফ্যাসিবাদী শক্তি—কোনো পক্ষের কাছেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়।
তিনি আরও বলেন, গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী চক্রের মধ্যে কোনো অনুশোচনা নেই। একইভাবে একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের মধ্যেও অনুশোচনার অভাব রয়েছে। এসব পক্ষ দেশে ষড়যন্ত্রের চেষ্টা করলেও সফল হতে পারবে না। কারণ, ষড়যন্ত্রের মাধ্যমে মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করা সম্ভব নয়।
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশপ্রেমকে ধারণ করে সবাইকে বাংলাদেশের কল্যাণে কাজ করতে হবে। দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
বিএনপির অতীত ভূমিকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংকটাপন্ন অর্থনীতির দেশকে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিয়েছিলেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তাঁদের ধারাবাহিকতা বজায় রেখে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে উন্নত ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়।
তিনি বলেন, জনগণের চাহিদা ও গণতান্ত্রিক প্রত্যাশাকে প্রাধান্য দিয়েই বিএনপি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু।
আলোচনা সভা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

