রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, সাজেকে থমথমে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক
spot_img

রাঙামাটিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা অবরোধ কর্মসূচি চলছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে সড়কের পাশের দোকানপাটও বন্ধ রয়েছে।

- Advertisement -

তবে অবরোধের প্রভাব পড়েনি রাঙামাটি শহরে। শহরের অভ্যন্তরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। রাঙামাটি-চট্টগ্রাম সড়কেও যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। পাশাপাশি নৌপথে নির্ধারিত গন্তব্যে নিয়মিতভাবে লঞ্চ ছেড়ে গেছে।

এদিকে দীঘিনালা-সাজেক সড়কে অনির্দিষ্টকালের জন্য দেওয়া অবরোধ এখনো অব্যাহত রয়েছে। এ কারণে ওই এলাকার পরিস্থিতি থমথমে হয়ে আছে। উজোবাজার এলাকায় শনিবারও দোকানপাট খোলেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

অন্যদিকে, সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের যাতায়াতের ওপর জেলা প্রশাসনের আরোপ করা বিধিনিষেধ এখনো বহাল রয়েছে। তবে অবরোধ ঘিরে জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, অবরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ জানিয়েছে, সাজেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ থাকলেও জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও নৌপথে চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ