স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অর পুরস্কার ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতা। আগামী ২৬ অক্টোবর লন্ডনে বিজয়ীর নাম ঘোষণার আগে র্যাংকিংয়ের শীর্ষ দুইয়ে স্পেনের বিশ্বকাপজয়ী দলের কোনো খেলোয়াড় নেই-এমন খবর প্রকাশের পর অসন্তোষ তৈরি হয়েছে বার্সেলোনার মধ্যে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে পুরস্কার জিতলে অনুষ্ঠান বয়কটের মতো সিদ্ধান্তও বিবেচনায় নেওয়া হতে পারে বলে দাবি করেছে ম্যাচডে সেন্ট্রাল।
পুরস্কারের সম্ভাব্য দাবিদারদের মধ্যে বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের নাম রয়েছে। তবে বিশ্বকাপজয়ী স্পেন দলের কোনো খেলোয়াড় শীর্ষ দুইয়ে না থাকার খবরটি কাতালান ক্লাবটির জন্য হতাশাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এখন পর্যন্ত ব্যালন ডি’অরের বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ভোটের ফলাফলও প্রকাশ করা হয়নি। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়েও বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।
বার্সেলোনা শেষ পর্যন্ত অনুষ্ঠান বর্জন করলে তা হবে রিয়াল মাদ্রিদের ২০২৪ সালের ঘটনার পুনরাবৃত্তি। সেবার ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর জিতছেন না-এমন খবর জানার পর অনুষ্ঠান বর্জন করেছিল রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত পুরস্কার জিতেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি, যিনি তখন ম্যানচেস্টার সিটির হয়ে খেলতেন।
এবারও পুরস্কার ঘিরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের অবস্থান ফুটবলবিশ্বের নজরে রয়েছে। তবে বার্সেলোনার সম্ভাব্য বয়কটের খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

