ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যাত্রীর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

- Advertisement -

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সৌরভ (৩২) ও আছিম (১৮)। তাঁরা দুজনই বাসের যাত্রী ছিলেন। সৌরভ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বকরের ছেলে। আর আছিম রংপুর সদর উপজেলার হরকলি চৌপাড়া এলাকার মোমিনুল ইসলামের ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শুক্রবার রাতে রংপুর থেকে যাত্রীবাহী বাসটি সিলেটের উদ্দেশে যাত্রা করে। শনিবার সকালে বাসটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ ও আছিমের মৃত্যু হয়। আহত অন্য যাত্রীদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম।

সর্বশেষ