গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজন আহত হয়েছেন। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

- Advertisement -

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাটের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে পুলিশের দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে তাঁরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান এবং তাঁদের উদ্দেশে অকথ্য ভাষায় গালাগাল করেন।

ওসি আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর খেয়াঘাটের চরপাড়া এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হঠাৎ মিছিল নিয়ে এসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।

এতে পুলিশের উপপরিদর্শক মো. ফুল মিয়াসহ দুজন আহত হন। হামলার পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

ওসি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ