রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল দুজনের

গঙ্গাচড়ায় ভোরে ধাওয়া করে ধানক্ষেতে আটক, ঘটনাস্থলেই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
spot_img

নিজস্ব প্রতিবেদক: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলা ক্যানেলসংলগ্ন ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত ব্যক্তিরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় চুরির বিষয়টি টের পান তিনি। এরপর চিৎকার করলে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন তখন অটোরিকশাসহ দুই ব্যক্তিকে ধাওয়া করেন।

একপর্যায়ে তাঁরা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাঁদের পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার একটি ধানক্ষেতে আটক করেন। সেখানে উত্তেজিত লোকজনের মারধরে দুজনের মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে অভিযোগকারীদের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ