এক ঘণ্টারও কম সময়ে ইসরায়েলকে ধ্বংসের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলকে বসবাসের অযোগ্য করে তোলা সম্ভব বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি। তিনি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান।

- Advertisement -

রোববার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে ইসরায়েলের বিরুদ্ধে এ হুঁশিয়ারি দেন আজিজি।

পোস্টে তিনি বলেন, ইরানের নিরাপত্তা কিংবা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে দখলকৃত অঞ্চলগুলোকে, অর্থাৎ ইসরায়েলকে, বসবাসের অযোগ্য করে তুলতে এক ঘণ্টারও কম সময় লাগবে বলে দাবি করেন তিনি।

আজিজির এই বক্তব্যকে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে তেহরানের কঠোর অবস্থানের আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তাঁর বক্তব্যে ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি স্পষ্টভাবে উঠে এসেছে।

মেহেরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজিজির পোস্টের সঙ্গে একটি ছবি যুক্ত ছিল। ছবিটিতে ইসরায়েলি শাসনব্যবস্থার বিভিন্ন অবকাঠামো তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করা হয়।

তবে ইরানি এই আইনপ্রণেতার হুঁশিয়ারির বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সর্বশেষ