বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার আসামি উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ ট্রাইব্যুনালে উপস্থিত হন। অন্যদিকে নিরাপত্তার কারণে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন জিয়াউল আহসান।
শুনানিতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর জহিরুল আমিন। আবেদন বিবেচনা করে আদালত আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, তাসমিরুল ইসলাম, শাইখ মাহদীসহ সংশ্লিষ্ট অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ আগস্ট একই ট্রাইব্যুনাল সাইফুর রহমান সাইফের জামিন আবেদন খারিজ করেন। পাশাপাশি তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেদিনই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২৫ অক্টোবর তারিখ নির্ধারণ করেছিলেন আদালত। এরও আগে ৯ আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জিয়াউল আহসানকে এ মামলায় এর আগেই গ্রেপ্তার দেখানো হয়েছিল।
প্রসিকিউশনের দাবি, জিয়াউল আহসান ও সাইফুর রহমানের বিরুদ্ধে তদন্ত সংস্থা একাধিক অভিযোগ পেয়েছে এবং তাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে। ইলিয়াস আলীকে গুমের ঘটনা ছাড়াও বিভিন্ন হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত এখনো চলমান।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তিনি সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার নিখোঁজ হওয়ার পর থেকেই বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে গুমের অভিযোগ তুলে তাকে উদ্ধারের দাবি জানানো হয়ে আসছে।
এ ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে সময় নির্ধারণ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

