নির্বাচনের আগে নেতানিয়াহুর পোস্টে পারমাণবিক বিস্ফোরণের ছবি, ইসরায়েলে সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইসরায়েলের সাধারণ নির্বাচনের মাত্র দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তেল আবিবে পারমাণবিক বিস্ফোরণের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পোস্টটিতে সতর্ক করা হয়েছে, নেতানিয়াহু ছাড়া অন্য কাউকে ভোট দিলে ইসরায়েলিরা ‘দ্বিতীয় হোলোকস্টের’ ঝুঁকিতে পড়তে পারেন।

- Advertisement -

রোববার (২৫ অক্টোবর) ডানপন্থী অ্যাক্টিভিস্ট ইউভাল ব্লুমবার্গের একটি পোস্ট শেয়ার করেন নেতানিয়াহু। ওই পোস্টে পারমাণবিক বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়ায় তেল আবিব ধ্বংস হয়ে যাওয়ার একটি এআই-নির্মিত ছবি ব্যবহার করা হয়। এতে ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতাকে ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে তুলে ধরা হয়েছে।

পোস্টে বলা হয়, ইসরায়েল বর্তমানে গুরুতর অস্তিত্বগত সংকটের মুখে রয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে দেশটির জন্য অন্য সব রাজনৈতিক বিতর্ক গৌণ হয়ে পড়বে বলেও দাবি করা হয়। একই সঙ্গে কাতারগেট কেলেঙ্কারি এবং আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে নিয়োগসংক্রান্ত প্রস্তাবিত আইন নিয়ে চলমান বিতর্ককে মূল নিরাপত্তা সংকট থেকে মনোযোগ সরানোর বিষয় হিসেবে উল্লেখ করা হয়।

বার্তাটিতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় থাকার সময় ইরানকে মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে ইসরায়েলের সামনে। এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান নেতৃত্বকে ক্ষমা করবে না বলেও সতর্ক করা হয়। পোস্টটির বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানের হুমকি মোকাবিলায় নেতানিয়াহুই সবচেয়ে উপযুক্ত নেতা।

তবে নেতানিয়াহুর সাম্প্রতিক এই বার্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। এর আগে তিনি একাধিকবার দাবি করেছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। গত মার্চেও তিনি বলেছিলেন, ইসরায়েলি হামলার পর ইরান আর দেশটির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারবে না।

এদিকে নির্বাচনের আগে ইরানকে কেন্দ্র করে নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করার অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা। তাঁদের দাবি, নির্বাচনকে প্রভাবিত করা বা পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে নেতানিয়াহু ইরান ইস্যুকে সামনে আনছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সম্প্রতি এক রুদ্ধদ্বার বৈঠকে নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর মতো কোনো কৌশলগত প্রয়োজন দেখছেন না বলে জানিয়েছেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া

নেতানিয়াহুর পোস্টের সমালোচনা করে বিরোধী নেতারা একের পর এক বক্তব্য দিয়েছেন। তাঁর প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইসেনকোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, নির্বাচনের আগে আবারও ভয় দেখানো ও মিথ্যা প্রচারের কৌশল নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর এখন ইসরায়েলিদের গণবিধ্বংসের আশঙ্কা দেখানো হচ্ছে।

ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলানও নেতানিয়াহুর পোস্টের সমালোচনা করেন। তেল আবিবের ওপর পারমাণবিক বোমা বিস্ফোরণের ছবি প্রকাশের প্রসঙ্গ তুলে তিনি প্রধানমন্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখার আহ্বান জানান।

অন্যদিকে বিয়াচাদ পার্টির প্রধান নাফতালি বেনেট বলেন, নেতানিয়াহু এমন একটি ধারণা তৈরি করছেন যে, তিনি ক্ষমতায় না থাকলে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হবে। বেনেটের দাবি, নেতানিয়াহুর আগেও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত ও শক্তিশালী হয়েছে এবং তাঁর পরেও দেশটি টিকে থাকবে।

বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিডও এ ঘটনার সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, নেতানিয়াহু একদিকে ইসরায়েলের অস্তিত্ব ধ্বংসের আশঙ্কা তুলে ধরছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তা ও অর্থনৈতিক নীতির ক্ষেত্রে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে।

নির্বাচনের ঠিক আগে ইরানের পারমাণবিক হুমকি নিয়ে নেতানিয়াহুর এই প্রচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। তবে পোস্টে ব্যবহৃত এআই-নির্মিত ছবিটি কোনো বাস্তব বিস্ফোরণের দৃশ্য নয়; এটি সম্ভাব্য বিপর্যয়ের একটি কৃত্রিম চিত্রায়ণ।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

সর্বশেষ