ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার হুমকির জবাবে কঠোর বার্তা দিয়েছেন দেশটির সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ। তিনি বলেছেন, ইরানি জাতিকে বোমা হামলা কিংবা সামরিক হুমকি দিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। বরং ইরানিরাই ‘মাদার অব অল বোম্বসের’ পিতা ও মাতা।
মার্কিন হুমকির বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আলিরেজা শেখ বলেন, শত্রুপক্ষের বাড়তি দাবি ও চাপের বিরুদ্ধে ইরানের জনগণ দৃঢ় অবস্থান নেবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ইরানের মতো প্রাচীন সভ্যতা ও জাতির বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যাবে না বলে মন্তব্য করেন এই সেনা কর্মকর্তা। তাঁর ভাষায়, বোমা দিয়ে কোনো সভ্যতাকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। ইরানের জনগণ হুমকির মুখে নতি স্বীকার করবে না বলেও তিনি ইঙ্গিত দেন।
আলিরেজা শেখ আরও বলেন, যেকোনো আগ্রাসন মোকাবিলায় সেনাবাহিনীসহ দেশের অন্যান্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখা জরুরি। সেই প্রস্তুতি ইরানের রয়েছে উল্লেখ করে তিনি জানান, সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির সেনারা প্রস্তুত অবস্থায় রয়েছেন।
এদিকে ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে ইরানে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের বিষয়টি বিবেচনায় থাকতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনার অংশ হিসেবে এই বোমা ব্যবহারের বিষয়টি আলোচনায় এসেছে। তবে এ ধরনের হামলার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।
সূত্র: মেহর নিউজ,

