হরমুজ প্রণালিতে মাইনে আঘাতে তিন তেলবাহী জাহাজে আগুনের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

হরমুজ প্রণালি অতিক্রমের সময় মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম তাসনিম।

- Advertisement -

আইআরজিসির নৌবাহিনীর দাবি, জাহাজ তিনটি অনুমোদিত নৌপথের পরিবর্তে প্রণালির দক্ষিণে অবস্থিত একটি অননুমোদিত পথ দিয়ে চলাচল করছিল। আগুন লাগার পর জাহাজগুলো পরিত্যক্ত অবস্থায় হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে পড়ে থাকে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, জাহাজগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি ইরানের নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে নির্ধারিত পথ ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল বলেও অভিযোগ করা হয়েছে।

জাহাজগুলোতে আগুন লাগার কারণে পরিবেশের ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, অননুমোদিত পথে চলাচলের ফলে হরমুজ প্রণালির ওই অংশ দূষিত হয়েছে। এ ঘটনার জন্য জাহাজগুলোর মালিক ও নাবিকদের দায়ী করেছে ইরানের নৌবাহিনী।

এদিকে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের (সেন্টকম) বক্তব্য বা দাবির ওপর নির্ভর না করার বিষয়ে সতর্ক করেছে আইআরজিসি। তাদের হুঁশিয়ারি, যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

তবে এ ঘটনায় সংশ্লিষ্ট তিনটি জাহাজের নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, কিংবা কোনো নাবিক হতাহত হয়েছেন কি না—তাৎক্ষণিকভাবে এসব তথ্য জানা যায়নি। জাহাজগুলোতে আগুন লাগার বিষয়ে ইরানের দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা,

সর্বশেষ