চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকার কাঁচা তামাকের চালান আটক

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১৫০ মেট্রিক টন কাঁচা তামাকের একটি চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের বন্ড সুবিধায় আনা ১০ কন্টেইনার তামাকের চালানটি আটক করা হয়।

- Advertisement -

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক করা তামাক দিয়ে আনুমানিক ২১ দশমিক ৪৩ কোটি শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন করা সম্ভব। এসব সিগারেটের সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে চালানটির আমদানি ঘোষিত মূল্যে উল্লেখযোগ্য অসংগতি পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই এইচএস কোডের আওতাধীন পণ্য প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলার মূল্যে মূল্যায়ন করা হলেও এই চালানে প্রতি কেজি কাঁচা তামাকের ঘোষিত মূল্য দেখানো হয়েছে মাত্র ১ দশমিক ৪৫ মার্কিন ডলার।

পূর্ববর্তী আমদানি মূল্য বিবেচনায় নিয়ে চালানটির সম্ভাব্য আমদানি পর্যায়ের রাজস্ব প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা হতে পারে বলে জানা গেছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রামের আগ্রাবাদে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সাকিব রায়হান এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে চালানটির আমদানি মূল্য, রাজস্বসংক্রান্ত অসংগতি এবং পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ