গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের চিকিৎসা ও জীবন রক্ষাকারী সহায়তার জন্য ১ লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। নুজুম স্পোর্টসের সঙ্গে যৌথভাবে আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠানের মাধ্যমে এ তহবিল সংগ্রহ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি জানান হামজা। গাজার অসহায় শিশুদের পাশে দাঁড়াতে যারা অর্থ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে হামজা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’
সংগৃহীত অর্থ গাজার শিশুদের চিকিৎসা ও জরুরি সহায়তায় ব্যয় করা হবে। এ অর্থ দেওয়া হয়েছে ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের একটি সংস্থাকে। সংস্থাটি যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জীবন রক্ষায় কাজ করছে। হামজার ভাষ্য অনুযায়ী, গুরুতর অসুস্থ অনেক শিশুর চিকিৎসার জন্য বিদেশে কিংবা নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ তৈরিতে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দাতব্য অনুষ্ঠানে হামজার ব্যক্তিগত স্মারকও নিলামে তোলা হয়। লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের জার্সি বিক্রি হয়েছে ৭ হাজার পাউন্ডে। এ ছাড়া কমিউনিটি শিল্ড জয়ের পদক বিক্রি হয়েছে ৩ হাজার পাউন্ডে। টিকিট বিক্রি ও নিলাম থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ গাজার শিশুদের সহায়তায় দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গত রোববার লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হলে নুজুম স্পোর্টসের উদ্যোগে এ দাতব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২০ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির সঙ্গে যৌথভাবে আয়োজিত এই কর্মসূচিতে হামজা ছিলেন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
ফুটবল মাঠে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি মানবিক উদ্যোগেও যুক্ত হয়েছেন হামজা। গাজার শিশুদের জন্য তহবিল সংগ্রহের মাধ্যমে যুদ্ধের মধ্যে চিকিৎসা ও নিরাপত্তার সংকটে থাকা শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে ২০২৫ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ১৩ ম্যাচে চারটি গোল করেছেন হামজা। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও একবার। তবে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি। সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

