বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ হামলার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২ নভেম্বর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ ঘটনার তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানায়, হরমুজ প্রণালি অতিক্রমকারী অন্য একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ঘটনায় ক্ষতিগ্রস্ত জাহাজটির পরিচয়, কী পরিমাণ ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। পাশাপাশি প্রজেক্টাইলটি কোথা থেকে ছোড়া হয়েছে এবং এর সঙ্গে কোনো পক্ষ জড়িত কি না, সেটিও স্পষ্ট নয়।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই নৌপথে যেকোনো ধরনের হামলা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে উদ্বেগ সৃষ্টি করে।
সাম্প্রতিক উত্তেজনার মধ্যে নতুন করে জাহাজে হামলার এ ঘটনা হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
সূত্র: আল জাজিরা

