রাজপথে উত্তেজনা ছড়াচ্ছে জামায়াত, নাশকতায় আওয়ামী লীগ: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির জন্য জামায়াত ও আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, জামায়াত রাজপথে উত্তেজনা ছড়াচ্ছে এবং আন্দোলনের সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

- Advertisement -

সোমবার (২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব’—লং মার্চে জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনকে ঘিরে যে অরাজকতা তৈরি হয়েছে, তার দায় জামায়াত এড়াতে পারে না। তাঁর দাবি, জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, অন্যদিকে আন্দোলনের ভেতরে প্রবেশ করে আগুন দিচ্ছে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, গতকাল মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে এমন পরিস্থিতিরই সৃষ্টি হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখে দেশবিরোধী শক্তিগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের অভিযোগ, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আন্তরিক থাকলেও জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছেন। এ সুযোগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিকের ছদ্মবেশে পুলিশের গাড়ি, ব্যক্তিগত পিকআপ ও পোশাক কারখানায় অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে।

পোস্টে তিনি আরও দাবি করেন, অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে এসব ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনা উচিত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

উল্লেখ্য, কয়েক দিন ধরে পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন চলছে। এসব কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সর্বশেষ