যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক হামলার আশঙ্কার মধ্যে এবার সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই হয়েছে ইরানের একটি মাছ ধরার ট্রলার। ‘আজিনি’ নামের ওই ট্রলারটিতে ২১ জন ইরানি জেলে ও দুই সোমালি নিরাপত্তারক্ষীসহ মোট ২৩ জন ক্রু ছিলেন। তাঁদের সবাইকে জিম্মি করা হয়েছে বলে জানা গেছে।
ইউরোপীয় ইউনিয়নের ভারত মহাসাগরীয় সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র (এমএসসিআইও) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি ট্রলারটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। সোমালিয়ার বন্দরনগরী বান্দার বেইলা থেকে প্রায় ১৮৫ নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটে। তবে ট্রলারের ক্রুদের বর্তমান অবস্থা এবং তাঁদের নিরাপত্তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, প্রায় ১২ জন জলদস্যু ট্রলারটি দখলে নিয়ে এর ২৩ জন ক্রুকে জিম্মি করেছে।
নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ, ছিনতাই হওয়া ট্রলারটি জলদস্যুরা বড় ধরনের অভিযান পরিচালনার কাজে ব্যবহার করতে পারে। কারণ, ‘আজিনি’র মতো মাছ ধরার ট্রলারকে জলদস্যুরা অনেক সময় ‘মাদার শিপ’ বা মূল জাহাজ হিসেবে ব্যবহার করে। এ ধরনের জাহাজের সাহায্যে তারা ছোট দ্রুতগতির নৌকা নিয়ে উপকূল থেকে অনেক দূরে গিয়ে বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে পারে।
এমএসসিআইও জানিয়েছে, শনিবার নাগাদ ট্রলারটি আগের অবস্থান থেকে আরও প্রায় ১১০ নটিক্যাল মাইল পূর্ব দিকে সরে গেছে। এতে এটি ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের কাছাকাছি পৌঁছে যায়। ফলে জাহাজটি ব্যবহার করে জলদস্যুরা নতুন করে ছিনতাই অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে সোমালি জলদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে। বিশেষ করে গ্রীষ্মকালেই তারা প্রায় ছয়টি জাহাজ ছিনতাই করেছে। এসব ঘটনার কয়েকটিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
এর আগে গত সেপ্টেম্বরে ‘অনার ২৫’ নামের একটি ছিনতাই হওয়া তেলবাহী ট্যাংকার উদ্ধারে অভিযান চালায় স্থানীয় পুলিশ। ওই অভিযানে ১৬ জন সন্দেহভাজন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। তবে উদ্ধারের আগেই ট্যাংকারটিতে গোলাগুলির ঘটনায় পাঁচ জিম্মির মৃত্যু হয়েছিল।
সাম্প্রতিক এই ছিনতাইয়ের ঘটনায় ভারত মহাসাগর ও আশপাশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: মেহর নিউজ এজেন্সি

