২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর বিএম মোজাম্মেল হককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
সোমবার শুনানির জন্য তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনে অংশ নিতে মো. শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফিট সড়কে যান। সেখানে তিনি গুলিবিদ্ধ হন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে।
পরবর্তী সময়ে চিকিৎসা গ্রহণের পর এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন শামীম মিয়া। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক এরই মধ্যে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

