সরকারের ব্যর্থতা, নৈরাজ্য ও গণবিরোধী নীতির বিরুদ্ধে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাজপথেই সরকারকে জবাব দিতে হবে। সরকারকে শায়েস্তা করার আর কোনো পথ নেই।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় নির্বাচন নিয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকারের নৈরাজ্য, ব্যর্থতা ও জনস্বার্থবিরোধী নীতির প্রতিবাদে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এসব কর্মসূচিতে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে মানুষকে রাজপথে সক্রিয় হতে হবে।
ডিসেম্বর মাসে রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরে বিশেষ কিছু ঘটার সম্ভাবনা দেখছেন না। তবে সরকারের বর্তমান কর্মকাণ্ড ও পারফরম্যান্সের ওপর তাদের আস্থা নেই। ওই মাসে কোনো ঘটনা ঘটলে তা সরকারের ব্যর্থতা এবং আওয়ামী লীগের সঙ্গে সরকারের সমঝোতার ফলেই ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি। এমন পরিস্থিতি তৈরি হলে এনসিপি রাজপথে থেকে তা প্রতিহত করবে বলেও জানান।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের দাবি যৌক্তিক। সরকার যথাসময়ে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্রের তকমা দিয়ে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিবাদী শক্তির কেউ অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করে থাকলে তার দায় সরকারকেই নিতে হবে। তার অভিযোগ, বিএনপি সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সম্পদও এখন বিএনপির দখলে রয়েছে বলে দাবি করেন তিনি।
মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মাহিন সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

