এআই দিয়ে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি তৈরি, রাজশাহীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে পোশাকশ্রমিকদের নির্যাতনের কাল্পনিক ছবি তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মোবাইল ফোনে ফটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভিন্ন উসকানিমূলক ছবি, পোস্টার ও কনটেন্ট পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

- Advertisement -

সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বোয়ালিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মিজানুর রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। পুলিশের তথ্যমতে, তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা এবং দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, গ্রেপ্তারের পর মিজানুরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে গার্মেন্টস শ্রমিকদের ওপর নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার তথ্য পাওয়া যায়।

তিনি বলেন, ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বেশ কিছু উসকানিমূলক ছবি, পোস্টার ও বিভিন্ন ধরনের কনটেন্টও পাওয়া গেছে। এসব ডিজিটাল তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও উসকানিমূলক কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা ঠেকাতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ