ই-মেইলে নিরাপত্তা হুমকি পাওয়ার পর ইসরায়েল থেকে আসা একটি যাত্রীবাহী উড়োজাহাজ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির বুলগেরিয়ান ন্যাশনাল রেডিওর (বিএনআর) বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব লিউবোমির নিকোলভের বরাত দিয়ে বিএনআর জানায়, উড়োজাহাজটি নিয়ে ই-মেইলে হুমকি আসার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেটিকে সোফিয়া বিমানবন্দরে অবতরণ করানো হয়।
তবে উড়োজাহাজটির পরিচালনাকারী এয়ারলাইনস, ফ্লাইট নম্বর, যাত্রীর সংখ্যা এবং যাত্রাপথ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। একই সঙ্গে ই-মেইলে কী ধরনের হুমকি দেওয়া হয়েছিল, সেটিও স্পষ্ট করা হয়নি। উড়োজাহাজটিতে বিস্ফোরক থাকার কোনো আশঙ্কা ছিল কি না, সে বিষয়েও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
এর আগে সোমবার লন্ডন থেকে সোফিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইট বোমা হামলার হুমকি পেয়ে গতিপথ পরিবর্তন করে হাঙ্গেরির বুদাপেস্টে অবতরণ করে। পরে উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হলেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষা শেষে ফ্লাইটটি আবার বুলগেরিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।
এ ছাড়া গত ১৮ অক্টোবর তেল আবিব থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজও বোমা হামলার হুমকির মুখে সোফিয়া বিমানবন্দরে অবতরণ করেছিল। সে সময় বুলগেরিয়ার মিগ-২৯ যুদ্ধবিমান উড়োজাহাজটিকে পাহারা দিয়ে বিমানবন্দরে নিয়ে আসে। পরবর্তী সময়ে তল্লাশিতে কোনো হুমকির প্রমাণ না পাওয়ায় ফ্লাইটটি ভিয়েনার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।
পরপর এমন কয়েকটি ঘটনার কারণে ইউরোপের আকাশপথে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিভিন্ন দেশের বিমানবন্দরে বোমা হামলার হুমকি পাওয়ার ঘটনায় কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।

