বিশ্বজুড়ে সংঘাত ও আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা, সতর্ক করলেন রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, সামরিক সংঘাত এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় ও প্রযুক্তির দ্রুত রূপান্তরকে মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছেন তিনি। এসব সংকট মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজা।

- Advertisement -

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তৃতীয় চার্লস।

ব্রিটিশ রাজা বলেন, আন্তর্জাতিক নিয়মনীতি ও প্রতিষ্ঠানগুলো বর্তমানে কঠিন পরীক্ষার মুখে পড়েছে। একই সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ছে। এসব সংঘাত মানুষের জীবন বিপর্যস্ত করার পাশাপাশি বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব তৈরি করছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশের ধ্বংস এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তন আলাদা কোনো সমস্যা নয়; বরং সম্মিলিতভাবে এগুলো মানবজাতির সামনে বড় সংকট তৈরি করেছে। বর্তমান সময়ের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

চার্লসের মতে, বৈশ্বিক সংকট মোকাবিলায় কমনওয়েলথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সদস্যদেশগুলোর মধ্যে পারস্পরিক অংশীদারত্ব, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলার সুযোগ রয়েছে। এ জন্য দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন তিনি।

বক্তব্যে আটলান্টিক মহাসাগর পেরিয়ে পরিচালিত দাস ব্যবসার ঐতিহাসিক প্রভাব নিয়েও কথা বলেন ব্রিটিশ রাজা। তিনি স্বীকার করেন, দাস ব্যবসার সেই নির্মম অধ্যায়ের দীর্ঘস্থায়ী ক্ষত এখনো ক্যারিবীয় অঞ্চলসহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের সমাজে রয়ে গেছে।

এ প্রসঙ্গে তৃতীয় চার্লস বলেন, ইতিহাসের ওই লজ্জাজনক অধ্যায় তাঁকে গভীরভাবে ব্যথিত করে। এটি তাঁর হৃদয়ে আতঙ্ক ও আত্মায় ব্যক্তিগত বেদনা সৃষ্টি করে।

উল্লেখ্য, কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত বিভিন্ন বিষয়ে আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা এ সম্মেলনের অন্যতম লক্ষ্য। এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায়।

সূত্র: আনাদোলু এজেন্সি।

সর্বশেষ