বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। অন্যদিকে, কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে স্বর্ণপদকজয়ী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মাহফুজ হাসানকে। নতুন কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। আদেশ জারির দিন থেকেই নতুন কমিটির কার্যক্রম কার্যকর হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে আগের অ্যাডহক কমিটি যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ কারণে আগের কমিটি বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশোধিত বিধান অনুসারে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী।
এ ছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজ।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব ও মো. পলাশ।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব হবে আগামী তিন মাসের মধ্যে কনফেডারেশনের নির্বাচন সম্পন্ন করা। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

