ট্রাম্পের জন্য বড় ধাক্কা, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিচ্ছে ডেমোক্র্যাটরা; ফ্লোরিডা-জর্জিয়ায় ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে দলটি। পাশাপাশি উচ্চকক্ষ সিনেটেও রিপাবলিকানদের সঙ্গে ব্যবধান কমিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য আগামী দুই বছর রাজনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ডিসিশন ডেস্কের পূর্বাভাস অনুযায়ী, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে ডেমোক্র্যাটরা। এর মধ্য দিয়ে কংগ্রেসের দুই কক্ষের ওপর রিপাবলিকানদের বর্তমান নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।

সিনেটের নিয়ন্ত্রণ নিয়েও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ডেমোক্র্যাটরা একাধিক গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছেন। জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সিনেটর জন অসফ। কলিন্স প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা ও সরকারের জবাবদিহির বিষয়গুলো সামনে এনেছিলেন অসফ।

এবারের নির্বাচনে ব্যক্তিগত সাফল্যও পেয়েছেন ডেমোক্র্যাটদের কয়েকজন প্রার্থী। মিশিগানের টুয়েলভথ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি-আমেরিকান রাশিদা তালিব। তিনি রিপাবলিকান প্রার্থী জেমস হুপার ও গ্রিন পার্টির ব্রেন্ডা স্যান্ডার্সকে পরাজিত করেছেন।

এ ছাড়া জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী কিশা ল্যান্স বটমস প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হওয়ার পথে রয়েছেন বলে সিএনএনের পূর্বাভাসে বলা হয়েছে। অন্যদিকে ফ্লোরিডায় রিপাবলিকান প্রার্থী বায়রন ডোনাল্ডস গভর্নর নির্বাচিত হয়ে অঙ্গরাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ শীর্ষ নেতা হওয়ার পথে রয়েছেন।

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসন এবং ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে।

ভোট গ্রহণ শেষে বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয় গণনা। তবে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে একই সময়ে ভোটকেন্দ্র বন্ধ হয় না। স্থানীয় সময় অনুযায়ী ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হওয়ায় ফলাফলও আসতে শুরু করে পর্যায়ক্রমে। ভার্জিনিয়ায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মার্ক ওয়ার্নারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

আলাস্কা, আইওয়া, কানসাস, মেইন, মিশিগান, ওহাইও ও টেক্সাসের মতো অঙ্গরাজ্যের ফলাফল সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব অঙ্গরাজ্যে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র।

বিশ্লেষকদের মতে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নীতি ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপর কংগ্রেসে নজরদারি বাড়বে। একই সঙ্গে আইন প্রণয়ন ও বাজেট অনুমোদনের ক্ষেত্রেও দুই দলের মধ্যে মতবিরোধ আরও প্রকট হতে পারে।

তবে সব আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশে সময় লাগতে পারে। অঙ্গরাজ্যভেদে ভোট গণনার পদ্ধতি আলাদা হওয়ায় কোথাও দ্রুত ফলাফল পাওয়া গেলেও কোথাও আগাম ও ডাকযোগে আসা ব্যালট গণনায় বিলম্ব হয়। বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতা কাছাকাছি হলে বিজয়ী ঘোষণা করতেও অপেক্ষা করতে হয়।

তথ্যসূত্র: আল-জাজিরা, সিএনএন, সিবিসি নিউজ ও এপি।

সর্বশেষ