গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় নিহত শ্রমিক তৌফিক হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহতের স্বজনদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে তৌফিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের বাড়িতে পৌঁছে তিনি তৌফিকের স্ত্রী সেতু মনি ও বড় ভাই হারুন উর রশিদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা হস্তান্তর করেন তিনি।
এদিকে ভিডিও কলের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
ভিডিও কলে মন্ত্রী বলেন, তৌফিক হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা।

