রাজধানীর কুর্মিটোলা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল বহর থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এতে গাড়িতে থাকা চালক পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বনানী এলাকা থেকে প্রায় ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে সেখান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।
ককটেলটির বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। হামলায় অংশ নেওয়া মোটরসাইকেল আরোহীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

