যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে আবারও জয়ী বাংলাদেশি শেখ রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক শেখ মুজাহিদুর রহমান চন্দন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও সাধারণ নির্বাচনে তার বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি। তার এ সাফল্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি, নিজ জেলা কিশোরগঞ্জের স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

- Advertisement -

জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনি ফলাফল অনুযায়ী, ডিস্ট্রিক্ট-৫ থেকে নির্বাচিত শেখ রহমানের নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে। এর আগে গত ১৯ মে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে হারিয়ে দলের মনোনয়ন নিশ্চিত করেন তিনি। ওই নির্বাচনে শেখ রহমান ৬ হাজার ১৮৮ ভোট পান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ম্যাককয় পান ৫ হাজার ১৬৬ ভোট।

শেখ রহমানের জন্ম ও পারিবারিক শিকড় বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে। ২০১৮ সালে প্রথমবার জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন তিনি। সে সময় অঙ্গরাজ্যটির প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর হিসেবে পরিচিতি পান। এরপর থেকে সিনেটের ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করে আসছেন তিনি।

তার এই অর্জনে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। শেখ রহমানের মা সৈয়দা হাজেরা খাতুন ছেলের সাফল্যে আনন্দ প্রকাশ করে আশা জানিয়েছেন, একদিন তার ছেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন।

ছোট ভাই ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালও বড় ভাইয়ের বিজয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, পরিবারের সদস্যরা শেখ রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। চলতি মাসের শেষ দিকে তার বাংলাদেশে আসার কথা রয়েছে।

শেখ রহমানের ভাতিজা শেখ রাফিদ রহমান বলেন, জর্জিয়ার স্টেট সিনেটে চাচার এই অর্জনে পরিবার ও এলাকার মানুষ গর্বিত। বাংলাদেশি মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এ পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না। ভবিষ্যতে তিনি আরও বড় দায়িত্ব পালন করে বাংলাদেশের সুনাম বাড়াবেন বলে প্রত্যাশা পরিবারের।

শেখ রহমানের পারিবারিক পরিচয়ও বেশ উল্লেখযোগ্য। তিনি বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের ছেলে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার বাবা ভারতের আগরতলায় ‘জয় বাংলা যুব শিবির’-এর ক্যাম্প সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শেখ রহমানের ছোট ভাই শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য।

উচ্চশিক্ষার জন্য ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেখ রহমান। পরে জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনেও রিপাবলিকান পার্টির প্রার্থী লিসা ব্যাবেজকে পরাজিত করে জর্জিয়া স্টেট সিনেটের ৫ নম্বর আসনে জয়ী হয়েছিলেন শেখ মুজাহিদুর রহমান। নতুন করে নির্বাচিত হওয়ায় অঙ্গরাজ্যটির রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত এই নেতার প্রতিনিধিত্ব অব্যাহত থাকছে।

সর্বশেষ