ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু: প্রবাসীকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সম্পূর্ণ বিনা খরচে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বর মাসে প্রথম দুই থেকে তিনটি ফ্লাইটের মাধ্যমে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ক্ষেত্রে বিদেশগামী কর্মীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না; যাবতীয় খরচ বহন করবেন বিদেশি নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান।

- Advertisement -

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসেই বিনা খরচে কর্মী পাঠানোর প্রথম দুই-তিনটি ফ্লাইট চালু করে কার্যক্রম শুরু করতে চাই। পাশাপাশি অন্যান্য চাহিদাপত্রের ভিত্তিতেও কর্মী পাঠানো অব্যাহত থাকবে।

মন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও সাশ্রয়ী করতে রিক্রুটিং এজেন্সিগুলোর কিছু সার্ভিস চার্জ ইতোমধ্যে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ যেন শুধু নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়েও গুরুত্ব দিচ্ছে সরকার। দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি যাতে সমানভাবে কাজের সুযোগ পায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।

এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিদেশে কর্মী পাঠানোর পর তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি জানান, মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে কর্মীদের সহায়তার জন্য পৃথক সেল গঠনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার খরচ নিয়েও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এর বেশি অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিক্রুটিং এজেন্সির মালিকদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ব্যবসাকে একটি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক খাতে পরিণত করতে হবে। কয়েকজনের অনিয়মের কারণে যেন পুরো খাতের সুনাম ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্ত্রী আরও বলেন, শুধু ব্যবসায়িক লাভের বিষয়টি বিবেচনা করলেই চলবে না। দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি, রেমিট্যান্স বৃদ্ধি এবং বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইন ও নিয়মকানুন সম্পর্কে সচেতন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক, বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ