উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নিহত এক নাবিক

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তেলবাহী একটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। এতে এক নাবিক নিহত হয়েছেন। বাহরাইনগামী জাহাজটিতে হামলার ঘটনায় ওই নাবিক প্রথমে নিখোঁজ থাকলেও পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো সম্ভব হয়নি তাঁকে।

- Advertisement -

শুক্রবার (৬ নভেম্বর) গ্রিসভিত্তিক জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভেলোস ট্যাংকার্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের পর নিখোঁজ থাকা নাবিককে পরে জাহাজের ভেতরে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। প্রাণঘাতী আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, এমটি ভেলোস নামের ট্যাংকারটি কোনো পণ্য ছাড়াই বাহরাইনের উদ্দেশে যাচ্ছিল। কাতারের মদিনাত আশ শামাল উপকূল থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল বা ৯২ দশমিক ৬ কিলোমিটার উত্তরে জাহাজটিতে অজ্ঞাত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। হামলার পর জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে হরমুজ প্রণালি অতিক্রমের সময় অন্য একটি তেলবাহী ট্যাংকারেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল বা ৩০ কিলোমিটার পূর্বে এ ঘটনা ঘটে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি ট্যাংকারের বাম পাশের পানিরেখার কাছাকাছি এলাকায় ঘটে। তবে ঘটনার পরও জাহাজটি চলাচলের সক্ষমতা ধরে রেখেছে এবং নিজস্ব শক্তিতে গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রেখেছে।

দ্বিতীয় ট্যাংকারটির নাবিকদের বিষয়ে ইউকেএমটিও জানিয়েছে, জাহাজে থাকা সবাই নিরাপদে রয়েছেন। তাঁদের প্রত্যেকের অবস্থানও নিশ্চিত করা হয়েছে।

একই অঞ্চলে অল্প সময়ের ব্যবধানে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি নিয়ে আশঙ্কা বাড়ছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ