প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ছবি এঁকে সৌন্দর্যবর্ধন করা হয়েছিল। তবে সেই উদ্যোগের অংশ হিসেবে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রটি বিকৃত করেছে দুর্বৃত্তরা। তাঁর মুখমণ্ডলে কালো কালি লাগানোর পাশাপাশি দেয়ালে রবীন্দ্রনাথ বিরোধী পোস্টারও সাঁটানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে এমন চিত্র দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্য বাড়াতে বিভিন্ন দেয়ালে দেশের ইতিহাস, ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়। এর ধারাবাহিকতায় শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতি তৈরি করা হয়েছিল।
কিন্তু রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই দেয়ালচিত্রের রবীন্দ্রনাথের মুখ কালো কালি দিয়ে ঢেকে দেয়। একই সঙ্গে সেখানে কবিকে উদ্দেশ করে বিরোধিতামূলক কয়েকটি পোস্টার লাগানো হয়।
ঘটনাটি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি এভাবে বিকৃত করার ঘটনায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

