মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ২ নম্বর গেটে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের সামনে দুটি এবং ভূমি অফিসের সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ফ্লাইওভার থেকে পেট্রোলবোমাগুলো নিক্ষেপ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আকস্মিক এ ঘটনায় আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এবং কী উদ্দেশ্যে পেট্রোলবোমাগুলো নিক্ষেপ করেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

