নিজস্ব প্রতিবেদক : দেশের দুই বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রোববার (৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে বৃষ্টির সম্ভাবনা থাকা এলাকাগুলো ছাড়া অন্যান্য অঞ্চলে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের আভাস নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয় ৫৪ শতাংশ। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

