অস্ত্র রপ্তানিতে বড় সক্ষমতার দাবি ইরানের, যুক্তরাষ্ট্রকে নতুন হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

প্রতিরক্ষা খাতে নিজেদের সক্ষমতা আরও বিস্তৃত হওয়ার দাবি করেছে ইরান। দেশটির দাবি, অত্যাধুনিক সামরিক অস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি এখন আন্তর্জাতিক বাজারেও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে তারা।

- Advertisement -

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি এক দীর্ঘ সংবাদ সম্মেলনে দেশটির সামরিক শক্তি ও প্রযুক্তিগত অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি বলেন, উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র তৈরিতে ইরান এখন আর অন্য দেশের ওপর নির্ভরশীল নয়। বরং আন্তর্জাতিক পর্যায়ে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবেও নিজেদের অবস্থান তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে মোহেব্বি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী ও আইআরজিসি যুক্তরাষ্ট্রের ২৬০টির বেশি সামরিক বিমান ভূপাতিত করেছে। এসব বিমানের তালিকায় এফ-১৬, এফ-৩৫ এবং এফ-১৮ যুদ্ধবিমানও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে বলতে গিয়ে আইআরজিসির এই মুখপাত্র জানান, দেশটির কাছে এমন কিছু অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতা রয়েছে, যা এর আগে জনসমক্ষে বিস্তারিতভাবে তুলে ধরা হয়নি।

এ ছাড়া ইরানের অ্যারোস্পেস ফোর্স যুক্তরাষ্ট্রের এফএডি ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা অকার্যকর করে দেওয়ার সক্ষমতা রাখে বলেও দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মোহেব্বি বলেন, ওয়াশিংটন যদি আবার ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়ানোর চেষ্টা করে, তাহলে এর জন্য দেশটিকে বড় ধরনের মূল্য দিতে হবে।

সূত্র: আলজাজিরা

সর্বশেষ