শ্রমিক অসন্তোষ ঘিরে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্প এলাকাগুলোতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

- Advertisement -

রোববার (৮ নভেম্বর) সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকাতেও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে বিজিবি সদর দপ্তর। এ জন্য সদর দপ্তরে একটি মনিটরিং সেল থেকে প্রযুক্তির সহায়তায় মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। সরাসরি ভিডিও ফুটেজের মাধ্যমেও বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জানমালের সুরক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বাড়তি সতর্কতাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ