নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদের সন্ধানে কয়েক দশক ধরে চালানো অভিযানে ইরানের দুই সাবেক সামরিক কর্মকর্তাকে অপহরণ করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের একজনকে কয়েক সপ্তাহ আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়। অন্যজনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর দক্ষিণ আফ্রিকায় জীবিত ফেলে আসা হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
১৯৮৬ সালে লেবাননে বিমান হামলা চালানোর সময় ইসরায়েলি পাইলট রন আরাদের যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্রের ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে তিনি বিমান থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। এরপর থেকেই নিখোঁজ হন তিনি। তাঁর পরিণতি জানতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা অভিযান চালিয়ে আসছে ইসরায়েল।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালের ডিসেম্বরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল আলিরেজা আসগারিকে তুরস্কের ইস্তাম্বুল থেকে অপহরণ করে মোসাদ। তিনি ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
ইস্তাম্বুলের তাকসিম এলাকার একটি হোটেলে অবস্থানকালে মোসাদের এজেন্টরা তাঁকে অপহরণ করে। পরে আসগারির অবস্থান জানতে ইরান যোগাযোগ করলে ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানান, তাঁকে কয়েক সপ্তাহ ধরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা ছিল, নিখোঁজ পাইলট রন আরাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাঁর কাছে।
তবে জিজ্ঞাসাবাদের পর মোসাদ বুঝতে পারে, আরাদের নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো তথ্যই জানতেন না আসগারি। এরপরও তাঁকে হত্যা করে মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয় বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের নিজস্ব তদন্তেও অপহরণের কিছু তথ্য উঠে আসে। দেশটির তদন্তকারীদের ধারণা, ইস্তাম্বুলের হোটেলকক্ষে ঢুকে আসগারিকে মাদক প্রয়োগ করে অচেতন করার পর অপহরণ করা হয়েছিল। অপহরণে ব্যবহৃত একটি গাড়িও কৃষ্ণসাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
একই ধরনের অভিযান চালানো হয় ২০২১ সালে। ওই বছর সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে আইআরজিসির আরেক কর্মকর্তা জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করে মোসাদ। সকালে দৌড়াতে বের হলে তাঁকে একটি ফ্রিজের বাক্সে ঢুকিয়ে চলন্ত ভ্যানে তোলা হয়। পরে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে তাঁকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জীবিত ফেলে আসা হয়। সাবেরিও রন আরাদ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে রন আরাদের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যৌথ তদন্তে ভিন্ন তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের ধারণা, ১৯৮৮ সালে পূর্ব লেবাননের নবি চিত গ্রামে মারা যান তিনি। বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁকে ওই গ্রামে আটকে রাখা হয়েছিল এবং পরে সেখানেই দাফন করা হয় বলে ধারণা করা হয়।
তবে ইসরায়েলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে মনে করে আসছিলেন, রন আরাদের পরিণতি সম্পর্কে ইরানের কাছে তথ্য রয়েছে। এ ধারণা থেকেই ২০২৫ সালের ডিসেম্বরে লেবাননের সাবেক নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকে অপহরণের অভিযোগ ওঠে মোসাদের বিরুদ্ধে। ব্যবসায়িক বৈঠকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ইসরায়েলের সন্দেহ, ১৯৮৮ সালে নবি চিতের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত নিজের ভাইয়ের প্রতিশোধ নিতে আহমদ শুকর রন আরাদকে হত্যা করেছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রন আরাদের মরদেহ উদ্ধারের আশায় চলতি বছরের ৬ ও ৭ মার্চ নবি চিত গ্রামে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। গ্রামটির একটি কবরস্থানে তাঁর মরদেহ থাকতে পারে—এমন ধারণা থেকে ৪০টির বেশি হামলা চালানো হয়। এতে অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। তবে এত অভিযান ও হামলার পরও রন আরাদের মরদেহের সন্ধান পায়নি ইসরায়েল।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন।
সূত্র: মিডল ইস্ট আই (নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অবলম্বনে)

