আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে শিশু বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। একই সঙ্গে পূর্বাঞ্চলের শিয়া সম্প্রদায়ের আরেক নাগরিক ফাদেল আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
জাওয়াদ কুরেইরিসের বিরুদ্ধে অভিযোগ, ২০১১-১২ সালে আরব বসন্তের সময় সৌদি আরবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। ২০২০ সালের ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভে অংশগ্রহণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন সংগঠিত করার অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাওয়াদ ও ফাদেল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও যানবাহনে হামলা, গুলি এবং বিস্ফোরক মজুত রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়।
মন্ত্রণালয় জানায়, বিশেষায়িত ফৌজদারি আদালতে বিচার শেষে সুপ্রিম কোর্টের অনুমোদন এবং রাজকীয় ডিক্রি জারির পর তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তবে জাওয়াদের পরিবার অভিযোগ করেছে, নির্যাতনের মাধ্যমে তাঁকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
মানবাধিকার সংস্থা রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মৃত্যুদণ্ডবিষয়ক প্রকল্পের প্রধান জিদ বাসিউনি বলেন, জাওয়াদসহ সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া চার তরুণকে শিশু বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
বাসিউনির অভিযোগ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ভিন্নমত প্রকাশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের ব্যবহার করা হচ্ছে। এ ধরনের মৃত্যুদণ্ড বন্ধে সৌদি আরবের আন্তর্জাতিক অংশীদারদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রিপ্রিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে সৌদি আরবে কথিত অপরাধ সংঘটনের সময় অপ্রাপ্তবয়স্ক থাকা পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের সবাই শিয়া সম্প্রদায়ের সদস্য এবং ২০১১-১২ সালের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দণ্ডিত হয়েছিলেন।
সৌদি আরবের পূর্বাঞ্চল শিয়া-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। দেশটির গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলোর অবস্থানও এই অঞ্চলে। দীর্ঘদিন ধরে সেখানে সরকারবিরোধী বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর অভিযানের ঘটনা ঘটেছে।
সূত্র: মিডল ইস্ট আই।

