মার্কিন হামলার অপেক্ষা করবে না ইরান, প্রয়োজনে আগাম পদক্ষেপের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার জন্য অপেক্ষা না করে প্রয়োজনে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তাঁর এ বক্তব্যে ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তেহরানের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে।

- Advertisement -

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী ঘারিবাবাদি অভিযোগ করেন, কূটনীতিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র সময়ক্ষেপণের চেষ্টা করতে পারে। এর আড়ালে ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে কি না, সে আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদ সংস্থা ফার্স।

বক্তব্যে ঘারিবাবাদি বলেন, ‘ইরান কিউবা নয় যে দেশটিকে অবরুদ্ধ করা যাবে, কিংবা ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’

তিনি দাবি করেন, ইরানের আকাশপথে কিংবা স্থলপথে অবরোধ আরোপের চেষ্টা করে এখন পর্যন্ত সফল হয়নি যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে ইরান আগেভাগেই ব্যবস্থা নিতে পারে বলে সতর্ক করেন তিনি।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও জানান ঘারিবাবাদি। তবে এসব ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বা পাল্লা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

তাঁর বক্তব্যে একদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা নিয়ে সন্দেহ, অন্যদিকে সামরিক সক্ষমতা বাড়ানোর বার্তা উঠে এসেছে। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা।

সর্বশেষ