নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আনোয়ার হোসেন (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার হামলাকারীদের হাত থেকে দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে যান।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি এএসআই আব্দুস সাত্তারের সঙ্গে সাদা পোশাকে ওই এলাকায় তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় কয়েকজন দুর্বৃত্ত দুই পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে এএসআই আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।
রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হামলাকারীদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। এসব স্থানে আগে বিভিন্ন সময় অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, কনস্টেবল আনোয়ারের ওপর হামলার সঙ্গে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকায় চলতি বছরের মে মাসে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের অভিযোগের তদন্তে যায় ফতুল্লা মডেল থানা পুলিশ। ওই ঘটনায় পাঁচজনকে আটক করা হলে তাঁদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল।
সাম্প্রতিক ওই ঘটনার প্রেক্ষাপটে কনস্টেবল আনোয়ার হত্যার পেছনেও মাদক কারবারি বা অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান এবং তদন্ত অব্যাহত রয়েছে।

