আখাউড়া থানায় হামলা-সংঘর্ষ, এনসিপি নেতার গ্রেপ্তার ঘিরে আহত ৭ পুলিশ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ায় বিক্ষোভকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

- Advertisement -

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে ছায়েব আলীকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা গেছে, ছায়েব আলী একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর ছায়েব আলীকে থানায় নেওয়ার পথে তাঁর সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে এনসিপির স্থানীয় নেতাকর্মী ও তাঁর পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হন।

এদিকে ছায়েব আলীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এনসিপির নেতাকর্মীরা আখাউড়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে গিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া করেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে থানায় ঢুকে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর রাতেই ছায়েব আলীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ