আওয়ামী লীগ নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর দাবি, অতীতে দলটির জ্বালাও-পোড়াও, হত্যা ও গুমের রাজনীতির কারণে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্বাভাবিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

- Advertisement -

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জয় বাংলা মোড়ে যুবদলের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নগরকান্দা উপজেলা ও পৌর যুবদল এবং সালথা উপজেলা যুবদল এ সভার আয়োজন করে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে জ্বালাও-পোড়াও ও সহিংসতার রাজনীতি করেছে। লগি-বইঠা ও পেট্রলবোমার রাজনীতির মাধ্যমে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার আমলে এসব ঘটনা নিয়ে বার্ন ইউনিট গড়ে তোলার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘আজকে ২০২৬-এ সেটা প্রমাণিত যে, আওয়ামী লীগ নামের একটি রাজনৈতিক দল ছিল, দলটি ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। বাংলাদেশের এটি দুর্ভাগ্য।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসনের অধীনে থাকতে চায় না। জনগণ এখন গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যেতে চায়। আওয়ামী লীগের নেতারা বহু মানুষকে হত্যা ও গুম করে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন বলেও অভিযোগ করেন তিনি।

শামা ওবায়েদের ভাষ্য, দেশের পরিস্থিতি স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়ায় আওয়ামী লীগের নেতারা সন্তুষ্ট নন। নানা ষড়যন্ত্রের মাধ্যমে তাঁরা দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। আওয়ামী লীগ দেশের পাশাপাশি অর্থনীতিরও শত্রু হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

সভায় পাঁচ জেলার নেতাকর্মী, সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, গণতন্ত্রকামী মানুষকে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব ধরনের সন্ত্রাস দমনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সর্বশেষ